করোনাভাইরাসের কারণে দেশ এখন বিপর্যস্ত। চলছে অঘোষিত লকডাউন। তবে এ অবস্থা থেকে বাংলাদেশ বেরিয়ে আসতেই দেশে ক্রিকেটারদের সংস্থা কোয়াব নির্বাচন করতে চায়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াব দিন-তারিখ ঠিক করার কথাও মাথায় রেখেছে। কোয়াবের বর্তমান কমিটির শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বেশ কয়েকজন বর্তমান ক্রিকেটারের অনলাইন বৈঠক হয়েছে শনিবার। বর্তমানদের তালিকায় ছিলেন দুই সংস্করণের দুই অধিনায়ক তামিম ইকবাল ও মুমিনুল হক। এ বৈঠকে সিদ্ধান্ত এসেছে যে, কোয়াব আনুষ্ঠানিকভাবে বিসিবির লিগ কমিটিকে ঈদুল ফিতরের পর ঢাকা প্রিমিয়ার লিগ ফের শুরুর অনুরোধ জানাবে। এক রাউন্ডের খেলার পরই কভিড-১৯-এর কারণে লিগ বন্ধ হয়ে যায়। কোয়াবের প্রেসিডেন্ট নাঈমুর রহমান দুর্জয় ওই বৈঠকে নির্বাচনের প্রসঙ্গ তোলেন। সেখানে সম্ভব হলে ঢাকা লিগ শুরুর আগে নির্বাচন করার সিদ্ধান্ত আসে। তখন দেশের সব ক্রিকেটার লিগের কারণে ঢাকায় থাকবে বলে আশা করা যায়।
গত অক্টোবরে ক্রিকেটাররা আন্দোলনে গিয়েছিলেন। ধর্মঘটী ক্রিকেটারদের অন্যতম দাবি ছিল কোয়াবের বর্তমান কমিটি বিলুপ্ত ও নির্বাচন করার। তবে কোয়াবের কর্মকর্তারা পদত্যাগ করেননি। ক্রিকেটারদের কীভাবে যেন ম্যানেজ করে ফেলেছিলেন তারা।