করোনা পরিস্থিতিতে জনগণের চিকিৎসার অধিকার লঙ্ঘিত হওয়ায় হাইকোর্টে রিট করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল রবিবার কমিশনের এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। এতে অংশ নেন কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামালউদ্দিন আহমেদ; অবৈতনিক সদস্য ড. নমিতা হালদার, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান ও চিংকিউ রোয়াজা। সভার শুরুতে করোনাকালীন সময়ে জনগণ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মর্মে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিষয়ে আলোচনা করা হয়। বিশেষত সম্প্রতি রেবেকা সুলতানা চৌধুরী এবং অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার একাধিক হাসপাতালে ঘুরেও চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেন। সবাই ওই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের নির্দেশনা ও বারবার কমিশনের সুপারিশ সত্ত্বেও কোনো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির উদাসীনতায় কেউ কেউ বিভিন্ন হাসপাতালে যাওয়ার পরও চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যুবরণ করেন।