করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতন দিয়েছেন বিচারিক কর্মকর্তারা। গতকাল রবিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে কর্মকর্তাদের এক দিনের বেতনের সমপরিমাণ ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হেলাল চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এ সময় উপস্থিত ছিলেন। এদিকে একই অনুষ্ঠানে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অ্যাসোসিয়েশনের সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।