যাত্রাবাড়ীতে দিনদুপুরে ৫৬ লাখ টাকা ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে দিনদুপুরে এক ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে ৫৫ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী জনপদ মোড়ে (হানিফ ফ্লাইওভারের নিচে) এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম সবুজ। তিনি ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এজেন্সি মারফুস ও এইচ-২৪ এন্টারপ্রাইজের মালিক।

ভুক্তভোগী সাইফুল ইসলাম সবুজ জানান, তিনি যাত্রাবাড়ীর কাজলা বউবাজারে তাদের অফিস থেকে দুটি ব্যাগে করে ব্যবসার ৫৫ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে বের হন। তার সঙ্গে ছিলেন বড় ভাই। মোটরসাইকেলযোগে তারা মতিঝিল ফরেন এক্সচেঞ্জে যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ী জনপদ মোড়ে (হানিফ ফ্লাইওভারের নিচে) ছিনতাইকারীদের মোটরসাইকেল তাদের চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে যান। একপর্যায়ে দুই মোটরসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী রড দিয়ে তাদের এলোপাতাড়ি মারতে থাকে। পরে তাদের কাছে থাকা টাকাভর্তি ব্যাগ দুটি নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে বলে জানান তিনি।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ছিনতাইকারীদের ধরার জন্য পুলিশের টিম কাজ করছে।