কুষ্টিয়া ও নওগাঁয় ২ ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা

কুষ্টিয়ায় চিকিৎসক সেজে প্রতারণা করায় সাগর ইসলাম (৩২) নামে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাগর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। এদিকে নওগাঁর সাপাহারে বিভিন্ন চিকিৎসকের সিল ও প্যাড ব্যবহার করায় আনারুল ইসলাম (৩৫) নামে এক ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কাঁচাবাজার এলাকার চৌধুরী মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। এ সময় দোকান থেকে অনুমোদন বিহীন লক্ষাধিক টাকার ওষুধ জব্দ করা হয়।