জাভেদের কাছে তামিমের দুঃখ প্রকাশ

জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রবিবার রাতে তামিম ইকবালের ফেইসবুক লাইভ আড্ডায় ওঠে আসে। তবে এই তথ্য সত্য নয় বলে পরে ভক্তদের নিশ্চিত করেছেন তামিম। একই সঙ্গে ফেইসবুক পোস্টের মাধ্যমে জাভেদ ওমরের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশারকে নিয়ে ফেইসবুক লাইভে এসেছিলেন তামিম। সেখানেই এক পর্যায়ে জাভেদ ওমরের প্রসঙ্গ আসে। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলেও এই চার ক্রিকেটারের আড্ডা থেকে জানা যায়।

লাইভ শেষেই তামিম অবশ্য একটি পোস্ট করেন। সেখানে লিখেছেন জাভেদ ওমরের করোনায় আক্রান্ত হওয়ার তথ্যটি ভুল।

তামিম লিখেন- ‘জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে ফেইসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে, জাভেদ ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।’

‘আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল তথ্য পেয়েছিলাম আমরা। জাভেদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি পুরোপুরি সুস্থ আছেন। সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’