যশোরের চৌগাছায় সাকিব হোসেন (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা ১০টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থাকতো এবং স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।
নিহতের নানি ফাতেমা বেগমের উদ্ধৃতি দিয়ে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক জানান, রবিবার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাননি।
সোমবার ভোর থেকে আবারও সাকিবের নানি ফাতেমা ও তার বোন রহিমা খুঁজতে খুঁজতে সকাল সাড়ে ৬টার দিকে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খালে তার লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার ডান চোখটি উপড়ে ফেলা হয়েছে।
থানার পরিদর্শক ( তদন্ত) এনামুল হক আরও বলেন, পুলিশ এ হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।