কক্সবাজারে চম্পা হত্যার প্রধান সন্দেহভাজন আসামি আটক

কক্সবাজারের খরুলিয়া এলাকার বাসিন্দা চম্পা (১৭) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি সাজ্জাদ হোসেনকে (২৮) আটক করেছে পেকুয়া থানা পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।

গত ৬ মে সিএনজিযোগে চম্পা চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়ি খরুলিয়ায় ফিরছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে চকরিয়া মরংঘোনা এবিসি মহাসড়কে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলে দিয়ে নিমর্মভাবে হত্যা করে দুর্বৃত্তরা। তার আগে চম্পাকে একাধিকবার ধর্ষণ করে তারা।

চম্পা খরুলীয়া এলাকার রুহুল আমিনের মেয়ে।

ঘটনার পরদিন র‍্যাব সিএনজি চালক জয়নাল আবেদীনকে পেকুয়া সদরের নন্দীরপাড়া থেকে আটক করে। এ সময় ওই সিএনজি গাড়িটিও জব্দ করে র‍্যাব। জয়নাল নন্দীর পাড়া গ্রামের বাসিন্দা। র‍্যাবের কাছে জয়নাল সাজ্জাদ হোসেনও ঘটনার সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন।

আজ সন্দেহভাজন আসামি সাজ্জাদকে স্থানীয়রা তার বাড়িতে পাকড়াও করে রাখে। পরে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। আজ সকাল ১০টার দিকে পেকুয়া সদর শেখের কিল্লা ঘোনা এলাকার নিজ বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে।

স্থানীয়রা জানায়, সাজ্জাদ হোসেন সদর ইউনিয়নের শেকেরকিল্লাঘোনা এলাকার আবুল হোসেন প্রকাশ পুতুর ছেলে। সাজ্জাদ একজন মাদকসেবী। টানা পার্টির অন্যতম সক্রিয় সদস্য। এলাকায় চুরি-চামারির সাথে জড়িত। তার অত্যাচারে অতিষ্ট ছিল এলাকাবাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। সে একজন ভয়ঙ্কর প্রকৃতির লোক।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত সাজ্জাদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।