বগুড়ায় শ্রমিকবাহী বাসে চাঁদাবাজি, বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় ধানকাটা শ্রমিক বহনকারী বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা শাহিনুর রহমান ওরফে ঝটিকা শাহীনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ৪৬ জন ধানকাটা শ্রমিক বাসযোগে কুমিল্লা যাচ্ছিল। রবিবার দিবাগত রাত দুটার দিকে বাসটি বগুড়ার চারমাথা পৌঁছালে ঝটিকা শাহীনসহ অন্তত ১৫ জন বাসটি থামায়। তারা বাস চালক মনির হোসেনের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। বাস চালক চাঁদা দিতে অস্বিকার করলে ঝটিকা শাহীন ও তার সহযোগীরা বাস চালক মনির ও সুপারভাইজার রতনকে বেধম মারধর করে। তখন বাসে থাকা ধানাকাটা শ্রমিকরা নেমে গিয়ে ঝটিকা শাহীনকে আটক করে।

সে সময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝটিকা শাহীনকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি দেখে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় বাস চালক মনির হোসেন বাদী হয়ে ঝটিকা শাহীনসহ তার সহযোগীদের নামে বগুড়া সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, গ্রেপ্তারকৃত ঝটিকা শাহীনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে বগুড়ার এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা হয়। ওই ঘটনায় ২০১৮ সালের ৩ অক্টোবর ঝটিকা শাহীনের নামে মামলা হলে তিনি গ্রেপ্তার হন। পরে তাকে যুব শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়। ঝটিকা শাহীন বগুড়া মটর মালিক গ্রুপের সদস্য। এর আগে তিনি মটর মালিক গ্রুপের সড়ক সস্পাদক ও যুগ্ম সম্পাদক ছিলেন।