সরকার করোনা মোকাবিলায় চারদিক থেকে ব্যর্থ হয়েছে: রিজভী

সরকার করোনা মোকাবিলায় চারদিক থেকে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই ব্যর্থতায় সাংবাদিক মারা যাচ্ছে, চিকিৎসক মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং প্রতিদিন লাশের সারি দীর্ঘ হচ্ছে। করোনায় মৃত্যুর সকল দায় সরকারের; এই দায় তাদেরকে নিতে হবে।

তিনি বলেন, যখন চীনে করোনা মহামারি শুরু হলো, তখন সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। যদি প্রথম থেকে তারা পদক্ষেপ নিত তাহলে আজ লাশের সারি দীর্ঘ হতো না; এত মানুষ মারা যেত না।

সোমবার গাজীপুর মহানগর বিএনপির টঙ্গী পূর্ব থানা শাখা কর্তৃক টঙ্গী বাজার এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

রিজভী বলেন, অতিরিক্ত সচিবের মতো সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। তার জন্য সরকার হাসপাতালে একটি সিটের ব্যবস্থা করতে পারেনি, একটি ভেন্টিলেটর জোগাড় করতে পারেনি। তাহলে আজ সাধারণ মানুষের কী অবস্থা? এই যে পরিস্থিতি এর পরও কি আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে ফুলে মালা দিতে হবে!