চট্টগ্রামে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন নারীর মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন কর্ণফুলী উপজেলার এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। ওই নারী ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ফোকাল পারসন ডা. আব্দুর রব বলেন, ‘ ২৭ এপ্রিল বিআইটিআইডির নমুনা পরীক্ষায় ৬৫ বছর বয়সী ওই নারীর করোনা শনাক্ত হয়। এরপর গত ২৮ এপ্রিল তাকে জেনারেল হাসপাতালে আনা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। অবস্থা স্থিতিশীল হওয়ার পর আইসিইউ থেকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এছাড়া ওই নারী ফুসফুসের ক্যান্সারেও ভুগছিলেন। করোনা স্থিতিশীল হলেও ক্যান্সার একেবারে ফাইনাল স্টেজে ছিল। সেজন্যই মূলত মৃত্যু হয়েছে।’

৬৫ বছর বয়সী ওই নারীর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের বাসিন্দা।
চট্টগ্রামে এই পর্যন্ত ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।