দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম শিল্পী বেগম (৩৫)। তিনি উপজেলার দক্ষিণ বাঘা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
ঘটনার পর থেকে শিল্পীর স্বামী এনাম উদ্দিন (৪৫) পলাতক রয়েছেন। সোমবার বিকালে উপজেলার বাঘা ইউনিয়নের মাঝের মহল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার ও এলাকার লোকজন পুলিশকে জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় কয়েকদিন ধরে স্ত্রী শিল্পী বেগমের সঙ্গে স্বামী এনামের ঝগড়া চলছিল। সোমবার ঝগড়ার একপর্যায়ে এনাম স্ত্রীর গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
ওসি আরো জানান, পলাতক এনামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।