রাজধানীর যাত্রাবাড়ীতে দিনদুপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রবিবার প্রকাশ্যে ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর পর থেকেই আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী কমিশনার রাকিবুল হাসান সোমবার রাতে দেশ রূপান্তরকে বলেন, এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, রবিবার বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী জনপদ মোড়ে (হানিফ ফ্লাইওভারের নিচে) ছিনতাইয়ের শিকার হন ব্যবসায়ী সাইফুল ইসলাম সবুজ। তিনি ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এজেন্সি মারফুস ও এইচ-২৪ এন্টারপ্রাইজের মালিক। ঘটনার দিনই যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন সাইফুল।
তিনি জানান, যাত্রাবাড়ীর কাজলা বউবাজারে তাদের অফিস থেকে দুটি ব্যাগে করে ব্যবসার ৫৫ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে বের হন। বড় ভাইকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে তারা মতিঝিল ফরেন এক্সচেঞ্জে যাচ্ছিলেন। পথে জনপদ মোড়ে ছিনতাইকারীদের মোটরসাইকেল তাদের চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে যান। এক পর্যায়ে দুই মোটরসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী রড দিয়ে তাদের এলোপাথাড়ি মারতে থাকে। পরে তাদের কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ দুটি নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বলে জানান তিনি।