করোনা পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত তহবিল থেকে শিক্ষকদের বেতন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম।
সোমবার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮২৯ জন শিক্ষক এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বাধ্যতামূলক সংরক্ষিত তহবিল আছে। সংকটকালে তারা এই তহবিল ব্যবহার করতে পারে।
ফোরামের প্রধান সমন্বয়কারী কামরুল হাসান খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে, অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষক ও কর্মচারীদের বেতন দিতে পারছে না।
যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের জন্য বিষয়টি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) বসতে অনুরোধ করা হয় বিবৃতিতে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে, ঢাকা ও চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত তহবিলে পাঁচ কোটি, অন্যান্য মহানগরীতে তিন কোটি ও অন্যান্য স্থানে প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত তহবিলে দেড় কোটি টাকা থাকার কথা।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ফখরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসির অনুমোদন ছাড়া সংরক্ষিত তহবিল ব্যবহার করতে পারে না।
জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ বলেন, বিষয়টি সমাধানের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেতন পরিশোধের জন্য রিজার্ভ ফান্ড ব্যবহারের কোনও প্রস্তাব আমাদের কাছে পাঠালে, আমরা সেগুলো দেখব।