মানুষের সমালোচনাকে ভবিষ্যতে আরো ভালো কিছু করার টনিক হিসেবে দেখেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের কাছে সমালোচনার অর্থ হচ্ছে, মানুষ আরো ভালো কিছু আশা করছে।
সোমবার ‘অকশন ফর অ্যাকশন’ পেজে জাতীয় দলের ১৫-এর অধিক ক্রিকেটারের সাক্ষর সম্বলীত একটি ব্যাটের নিলাম অনুষ্ঠিত হয়। সেই নিলাম অনুষ্ঠানের লাইভে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন সাকিব। সেখানেই একজন প্রবাসী বাংলাদেশির প্রশ্নের উত্তরে সাকিব এই মন্তব্য করেন।
সাকিবের কাছে প্রশ্ন ছিল, ‘আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য যত দূর করেছেন…। আপনি বাংলাদেশের মানুষকে হ্যাপিনেস দিলেন, আপনার কারণে আমরা যত দূর এগোলাম, কোন খানে ছিলাম, কোন খানে এসেছি…। মোটামুটি সবাই জানে বাংলাদেশের। এত ত্যাগ, এত কষ্ট করার পরও যখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আপলোড দেন বা নন ক্রিকেট বিজনেস ধরনের কিছু আপলোড দেন। এরপর যখন মানুষ গালি দেয় তখন কেমন লাগে আসলে?’
সাকিব বলেন, ‘প্রথমত আমি মন্তব্য (সামাজিক যোগাযোগ মাধ্যমে) দেখি না। আর কোনোভাবে যদি আমার কাছে পর্যন্ত চলেও আসে, যে আমার কোনো ছবি বা কাজের জন্য কেউ গালি দিচ্ছে…। আমি যেটা চিন্তা করে নেই, ওরা আমার কাছ থেকে আরো ভালো কিছু আশা করে।’
‘ওই চিন্তা করেই আমি বিষয়টিকে পজিটিভ হিসেবে নেওয়ার চেষ্টা করি। চিন্তা করি এরপর কীভাবে আরো ভালো কিছু করা যায়। যাতে করে এই গালিটা না শুনতে হয়।’- বলেন সাকিব।