চাকরিতে পুনর্বহালের দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে হ্যাং টং বিডি লিমিটেড কারখানার ৩৫০ শ্রমিক। গতকাল সোমবার দুপুরে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া থানা শাখার সভাপতি ফরিদুল ইসলামের উদ্যোগে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

আয়োজিত মানববন্ধন থেকে ভুক্তভোগী শ্রমিকরা জানান, আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় অবস্থিত হ্যাং টং বিডি লিমিটেড কারখানায় করোনাভাইরাসের কারণ দেখিয়ে গত ২৫ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে কর্র্তৃপক্ষ। পরবর্তী সময়ে ২৭ এপ্রিল কারখানা খুলে শ্রমিকদের এপ্রিল মাসের ১৪ দিনের বেতন দিয়ে কারখানার মূল ফটকে বন্ধের নোটিস লাগিয়ে দেয়। বর্তমানে কারখানাটি বন্ধ রাখায় শ্রমিকরা কাজে যোগ দিতে পারছেন না। এই মুহূর্তে অন্য কোথাও চাকরি ও বকেয়া বেতন না পেয়ে ৩৫০ জন শ্রমিক অনাহারে মানবেতর দিন কাটাচ্ছেন। এ অবস্থায় কারখানা খুলে দিয়ে চাকরিতে পুনর্বহালের জন্য সরকারের হস্তক্ষের কামনা করেন তারা।