মানিকগঞ্জ থেকে পালানো করোনা রোগী রাজধানীতে আটক

মানিকগঞ্জের সাটুরিয়ায় থেকে পালানো এক করোনা রোগীকে রাজধানী ঢাকার গাবতলী থেকে উদ্ধার করে মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম নিশ্চিত করেছেন।

সাটুরিয়া উপজেলা প্রশাসন ও সাটুরিয়া থানা পুলিশ জানায়, জেলার সাটুরিয়া উপজেলার খলিলাবাদ গ্রামের ফজর আলি টুনাই (৫৫) গাবতলী থেকে করোনা উপসর্গ নিয়ে গত ৯ মে বাড়িতে আসে।

পরে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা অবস্থায় রবিবার নমুনা সংগ্রহ করে সাভারে পাঠানো হয়। সোমবার সকালে ফজর আলীর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এ খবর শুনে উপজেলা নির্বাহী অফিসার, সাটুরিয়া থানা পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিম তার বাড়িতে যাওয়ার আগেই ফজর আলী পালিয়ে যান।

দিনভর তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে সন্ধ্যার দিকে প্রযুক্তির সহায়তায় তাকে তার গাবতলী বাড়া বাসায় পাওয়া যায়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, সকালে ফজর আলীকে গাবতলী থেকে আটক করে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

ইতোমধ্যে তার বাড়িসহ আরও একটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।