মুন্সীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ ডিঙ্গাভাঙ্গা গ্রামে মঙ্গলবার সকালে সাবেক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় সাবেক ইউপি সদস্য মো. হাতেমকে গ্রেপ্তার করা হয়। তিনি সদরের পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

সকাল ৯টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সাকিবের নেতৃত্বে এ অভিযান চালায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গাভাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. হাতেমের বাড়িতে অভিযান চালায় একটি টিম।

এ সময় ইউপি সদস্যের বসত-ঘরে তল্লাশি চালিয়ে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হন তারা। এ ঘটনায় সাবেক ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেন।