গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৭) এ কর্মরত নির্বাহী প্রকৌশলী নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে রাজধানীর উত্তরার তুরাগ থানা এলাকার একটি ঝোঁপ (ছোট গাছের জঙ্গল) থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেন (৪৮) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলাইয়াপুর এলাকার মৃত সোলায়মানের ছেলে।
তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের ২ নম্বর সেক্টরে থাকতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী খোদেজা আক্তার মঙ্গলবার তুরাগ থানায় মামলা দায়ের করেছেন।
তুরাগ থানার এসআই মো. সফিউল আলম জানান, প্রকৌশলী দেলোয়ার মিরপুরের বাসা থেকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের সিটি করপোরেশনের কোনাবাড়ি জোনে তার কর্মস্থলের রওনা হন।
এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার বিকেল চারটার দিকে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজের পশ্চিম দিকের ৮ নম্বর রোডের পাশের একটি জঙ্গল থেকে প্রকৌশলী দেলোয়ারের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে নিহতের স্ত্রী খোদেজা আক্তার তুরাগ থানায় মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সত্যতা নিশ্চিত করে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম জানান, নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেন গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৭) কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ছিলেন।
তিনি ২০১৩ থেকে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত ছিলেন।