স্বাস্থ্যবিধি না মানায় বঙ্গবাজার ও দুটি ফ্যাশন আউটলেট বন্ধ

স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর বঙ্গবাজার মার্কেট ও দুটি ফ্যাশন আউটলেট বন্ধ করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে গুলিস্তান এলাকার বঙ্গবাজার মার্কেটটি বন্ধ করে দেওয়া হয় বলে রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উপ-কমিশনার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) এইচ এম আজিমুল হক জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার সকালে স্থানীয় ফ্যাশন ব্রান্ড অরণ্য ও ভিআইভিইর ধানমণ্ডির দুটি দোকান বন্ধ করে দেওয়া হয় বলে রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি জানান।

স্বাস্থ্যবিধি না মানায় বঙ্গবাজার মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, ফ্যাশন ব্রান্ড অরণ্য ও ভিআইভিইর ধানমণ্ডির দুটি দোকানে কোনো টানেল তৈরি না করা ও স্প্রে গেট না রাখায় সেগুলো বন্ধ করে দেয়া হয়।

এর আগে রোববার ‘এআরএ সেন্টার’ ও ‘এডিসি ইমপায়ার’ নামে দুটি মার্কেট বন্ধ করে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে সোমবার তা খোলার অনুমতি দেওয়া হয় বলে তিনি জানান।