উজবেকিস্থানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধি করতে বাংলাদেশ আগ্রহী। তবে বাণিজ্য ক্ষেত্রে কিছু জটিলতা আছে। উভয় দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি জয়েন্ট ওয়াকিং গ্রুপ গঠন করে দু’দেশের বাণিজ্য ক্ষেত্রে জটিলতা চিহ্নিত করে তা সমাধান করা সম্ভব। এতে করে উভয় দেশের মধ্যে বিপুল বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত শুক্রবার নয়াদিল্লীতে অবস্থিত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত উজবেকিস্থানের রাষ্ট্রদূতের উদ্যোগে দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্টার সারদোর উমর জাকোভের সাথে এক ভিডিও কনফারেন্সে এ সব কথা বলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তুগীর গাজী এতে অংশ নিয়ে মতামত প্রদান করেন। এ সময় উজবেকিস্থানের ফরেন মিনিস্ট্রির ফাস্ট ডেপুটি মিনিস্টার ফারহদ আর্জিভ, ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্ট্রির ফাস্ট ডেপুটি মিনিস্টার লাজিজ কুদ্রাতোভ এবং উজবেকিস্থান টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান ইলখোম খাইদারোভ উপস্থিত ছিলেন।
উভয় পক্ষের মতামতের ভিত্তিতে দু’দেশের দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য একটি জয়েন্ট ওয়াকিং গ্রুপ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।