করোনা: সিউলে নাইটক্লাবে ঢুকে ১০১ জনকে আক্রান্ত করল যুবক

দক্ষিণ কোরিয়ার সিউলে নতুন করে করোনা সংক্রমণের পেছনে এক যুবককেই দায়ী করা হচ্ছে। ২৯ বছর বয়সী ওই যুবক করোনা আক্রান্ত ছিলেন, তার সংস্পর্শ থেকে আরও মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

আলজাজিরা জানায়, মঙ্গলবার রাজধানী সিউলের মেয়র পার্ক উন-সুন দেশটির সংবাদ সংস্থা ইউনহাপকে বিষয়টি নিশ্চিত করেন। 

ওই ব্যক্তি মে মাসের শুরুতে সিউলের ইতায়েউন জেলার পাঁচটি নাইটক্লাব ও বারে ঘুরে বেড়ান। এরপর করোনা টেস্টে তার পজিটিভ আসে। এর মধ্যে ওই নাইটক্লাবগুলো থেকে করোনা আক্রান্ত হন ১০১ জন ব্যক্তি। 

ক্লাবগুলোতে ওই সময় হাজার হাজার ব্যক্তি উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ তাদের শনাক্ত করার চেষ্টা করছে। তবে অনেক ক্লাবে এন্ট্রি লগবুকে ভুল তথ্য দেয়া থাকায় এতে ঝামেলায় পড়েছে প্রশাসন। 

পার্ক বলেন, ওই সময় ইতায়েনউনে অবস্থান করা ১০ হাজার ৯০৫ জন মানুষের একটি তালিকা আমরা মোবাইল কোম্পানিগুলোর মাধ্যমে পেয়েছি। তাদেরকে ইতিমধ্যে সতর্কবার্তা পাঠিয়ে দেয়া হয়েছে।