চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্যকর্মীদের মধ্যে দুই দফায় ১৫ জন করোনা রোগে আক্রান্ত হওয়ার পর স্থানীয় অসুস্থ রোগীরা এ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে আতংকে আছেন। তাই বেশির ভাগ অসুস্থ রোগী স্থানীয় বেসরকারী হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। গত ১০ মে এ হাসপাতালে ৯ স্বাস্থ্যকর্মীসহ ১২ জন আক্রান্ত হন। এর আগেও ৩ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়।
জানা যায় , বর্তমানে ৫০ শয্যার এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে কোন রোগী ভর্তি নেই। একসময় যথেষ্ট রোগী থাকলেও বর্তমানে রোগী সংখ্যা খুব নগন্য। তবে করোনা রোগীদের চিকিৎসার জন্য ২০ শয্যা বিশিষ্ট হোম আইসোলেশন সেন্টারে এ হাসপাতালের করোনা আক্রান্ত ৯ স্বাস্থ্যকর্মী চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আলমগীর চৌধুরী বলেন , সম্প্রতি তার পরিবারের এক সদস্য শারীরিক অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিকটে হওয়া সত্বেও ভয়ে সেখানে যাননি। পরবর্তীতে বটতলী ষ্টেশন এলাকায় বেসরকারী হাসপাতালে ভর্তি হন।
এ ব্যাপারে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ জানান , অসুস্থ রোগীদের আতংকের কোন কারন নেই। বর্তমান এ সংকটময় সময়ে রোগীদের নিরাপত্তায় এখানে সাবান দিয়ে হাত ধোয়াসহ সামাজিক দূরত্ব মেনে রোগী দেখা হয়। ইমার্জেন্সী , ফ্লু কর্ণারসহ অন্যান্য জরুরী বিভাগ চালু রয়েছে। তবে জটিল রোগীদের এ মূহুর্তে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়।