তামিমের আড্ডায় আসছেন ‘হিটম্যান’ রোহিত

ফ্যাফ ডু প্লেসির কথা জানিয়েছিলেন আগের দিন। মঙ্গলবার আরো বড় চমক দিলেন তামিম ইকবাল। তার ফেইসবুক লাইভ শো-তে আড্ডা দিতে আসছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মাও।

‘হিটম্যান’ খ্যাত রোহিতের সঙ্গে তামিম আড্ডা দেবেন শুক্রবার রাত সাড়ে ১০টায়। নিজের ভেরিফায়েড ফেইসবুক থেকে করা পোস্টে ভক্তদের এই তথ্য জানিয়েছেন তামিম।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টায় তামিমের লাইভ শো-তে থাকবেন দক্ষিণ আফ্রিকার সদ্য সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের এই শো বা আড্ডা শুরু থেকেই দারুণ সাড়া ফেলেছে। করোনাভাইরাসের এই ভয়াবহ সময়ে ভক্তদের কিছুটা আনন্দ দিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ‘লাইভ শো’ করছেন তামিম।

এখন পর্যন্ত ইনস্টাগ্রাম ও ফেইসবুক লাইভের মাধ্যমে তামিম মোট ৫টি ‘চ্যাট শো’ করেছেন। প্রথম ‘শো’ টি করেন গত ২ মে। সেদিন তার সঙ্গে যুক্ত ছিলেন মুশফিকুর রহিম। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে আড্ডা দেন।

গত শুক্রবার লাইভে নিয়ে এসেছিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনকে। আর সর্বশেষ গত রবিবার তিন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমন ছিলেন তামিমের ‘লাইভ শো’র অতিথি।

তিন সাবেক অধিনায়কের সঙ্গে আড্ডার শেষ দিকেই তামিম জানিয়ে দিয়েছিলেন, পরবর্তী পর্বে থাকছে চমক। প্রথম চমকটি ছিল ডু প্লেসি। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে যিনি তামিমের সঙ্গে আড্ডা দেবেন। আর দ্বিতীয় বিদেশি হিসেবে আড্ডা দেবেন রোহিত।