করোনা পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত ৮ টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানেই তিনি স্পষ্ট করে দিলেন, লকডাউন বাড়বে। তবে তা কতদিনের জন্যে, এখনই তিনি তা জানাননি।
দেশটির প্রধানমন্ত্রী বলেন,১৮ মে'র আগে লকডাউন- সম্পর্কে জানানো হবে। করোনার সঙ্গে লড়ব, এবং এগিয়েও চলব।
ভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সোমবার অনলাইনে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব নির্ধারিত ওই বৈঠকের পরেই ১৭ মে'র পর আরও এক দফায় লকডাউন বাড়ানোর কথা গুরুত্ব দিয়ে ভাবছিলেন মোদী। বৈঠকে মুখ্যমন্ত্রীদের বড় অংশই কিন্তু লকডাউন বাড়িয়ে যাওয়ার পক্ষেই মতামত দেন। প্রধানমন্ত্রী রাজ্যগুলির কাছে লকডাউন বিষয়ে মতামত লিখিত আকারে চেয়েছিলেন। যদিও এদিন কোনও দিনক্ষণ না বললেও লকডাউন যে বাড়বে, তা স্পষ্ট করে দিলেন দেশটির প্রধানমন্ত্রী।
এদিন বক্তব্যের শুরু থেকেই তিনি আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন। বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতকে এগিয়ে দেবে। সমস্ত প্যাকেজ জুড়লে ২০ লক্ষ কোটি টাকার মতো হবে। যা দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ। ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে।'
বুধবার থেকে দেশটির অর্থমন্ত্রী এই প্যাকেজের বিষয়ে নতুন তথ্য দেবে বলেও জানান নরেন্দ্র মোদী।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, '৪২ লক্ষ মানুষ আক্রান্ত, পৌনে তিন লাখ মানুষের মৃত্যু হয়েছে। ভারতেও বহু মানুষ তাদের আত্মীয়কে হারিয়েছেন। তাদের প্রতি সমবেদনা। একটা ভাইরাস দুনিয়াতে ত্রাস হয়ে উঠেছে। গোটা বিশ্ব প্রাণ বাঁচাতে যুদ্ধ করছে। এমন সংকট না দেখেছি, না শুনেছি। নিশ্চিতভাবেই মানুষের জন্যে এই পরিস্থিতি অভূতপূর্ব। কিন্তু ভেঙে পড়লে চলবে না। মানুষকে তা মানায় না। সতর্ক থাকতে হবে। সমস্ত নিয়ম মেনে আমাদের এবার বাঁচতে হবে। এগোতেও হবে। আমাদের সংকল্প মজবুত করতে হবে।'