৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো ভারতে কার্বন নিঃসরণের পরিমাণ কমেছে। তবে শুধু করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের ফলেই এটি হয়নি। বিদ্যুতের ব্যবহার কমায় এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ায় জীবাশ্ম জ্বালানির চাহিদা আগেই কমেছে, যা কার্বন নিঃসরণ কমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাজ্যভিত্তিক এনভায়রনমেন্টাল ওয়েবসাইট ‘কার্বন ব্রিফ’-এর একটি বিশ্লেষণমূলক প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ তথ্য জানায়। গত মার্চে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভারতজুড়ে লকডাউন জারি করায় কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমে ১৫ শতাংশ এবং এপ্রিলে কমে ৩০ শতাংশ।
কার্বন নিঃসরণ এত কমার অন্যতম কারণ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে। মার্চে এটি কমেছে ১৫ শতাংশ এবং এপ্রিলে ৩১ শতাংশ। একই সময়ে তেলের চাহিদাও কমেছে। মার্চ মাসে তেলের ব্যবহার কমে ১৮ শতাংশ। অন্যদিকে গত এক বছরে নবায়নযোগ্য শক্তির জোগান উল্লেখযোগ্য হারে বেড়েছে।