কাবুলে হাসপাতালে সন্ত্রাসী হামলায় দুই শিশু ১১ মা নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের দাস্ত-এ-বারচি হাসপাতালের ম্যাটার্নিটি বিভাগে গতকাল মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় দুই শিশু ও ১১ জন মা ও নার্স নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মঙ্গলবার স্থানীয়রা দুটি বিস্ফোরণের পর গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।

দাতব্য সংস্থা মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) পরিচালিত ওই হাসপাতালে হামলার সময়ে বিদেশি নাগরিকসহ প্রায় ১৪০ জন কর্মী ছিল। তাদের অনেকেই সেখানে আটকা ছিল। পরে তাদের আফগান স্পেশাল ফোর্সের সদস্যরা উদ্ধার করেন। হাসপাতাল থেকে নারী ও শিশুসহ প্রায় ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

মঙ্গলবার কাবুলের হাসপাতালে হামলার পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় এক পুলিশের শেষকৃত্যে চালানো হামলায় অন্তত ২৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। দুটি ঘটনাতেই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুটি হামলা কারা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলের হাসপাতালে হামলার ঘটনায় দুই শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, হামলার পর এক নবজাতককে রক্তেভেজা কম্বলে মুড়ে আনছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে নবজাতকটি আহত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।