প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর বঙ্গবাজার সুপার মার্কেট ও ধানমন্ডিতে দুটি ফ্যাশন আউটলেট বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফিনিক্স রোডের বঙ্গবাজার মার্কেটটি বন্ধ করে দেয় পুলিশ।
রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উপকমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) এইচএম আজিমুল হক জানান, স্বাস্থ্যবিধি না মানায় বঙ্গবাজার মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে একই কারণে ধানমন্ডিতে ফ্যাশন ব্র্যান্ড অরণ্য ও ভিআইভিই নামে দুটি আউটলেট দোকান বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহিল কাফি দেশ রূপান্তরকে বলেন, যেসব শপিং মল কোনো টানেল বা স্প্রে ফটক তৈরি করেনি সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।