চট্টগ্রামে র্যাবের অভিযানে আহত অবস্থায় গ্রেপ্তার হয়েছেন রকি বড়ুয়া নামে এক ব্যক্তি। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্ত করতে দেশে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ তৈরির চেষ্টায় ছিলেন বলে জানিয়েছে র্যাব। গতকাল মঙ্গলবার ভোরে নগরীর পাঁচলাইশ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করে র্যাব-৭-এর একটি দল। একই অভিযানে আটক করা হয় এক নারীসহ তার আরও পাঁচ সহযোগীকে। এছাড়া উদ্ধার হয় বিদেশি মদ ও পিস্তল।
র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, সাঈদীকে মুক্তির মিশন নিয়ে রকি বড়ুয়া সাঈদীপুত্র মাসুদ সাঈদীর সঙ্গে বৈঠক করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন।
র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, ‘রকি বড়ুয়া মূলত একজন প্রতারক। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতার তথ্য প্রচার করে তিনি প্রতারণা করেন। সম্প্রতি তিনি সাজাপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে সাঈদীকে মুক্ত করার পরিকল্পনা হয়েছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। এরপর আমরা রকি বড়ুয়াকে গ্রেপ্তারের চেষ্টা করতে থাকি।’