বাণিজ্যমন্ত্রী উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশও। তবে বাণিজ্য ক্ষেত্রে কিছু জটিলতা আছে। উভয় দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ জটিলতা চিহ্নিত করে তা সমাধান করা সম্ভব। এতে করে উভয় দেশের মধ্যে বিপুল বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে।
উজবেকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্টার সারদোর উমর জাকোভের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। গত ৮ মে এই ভিডিও কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তুগীর গাজী এ ভিডিও কনফারেন্সে অংশ নেন।