করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর লক্ষণও দেখা যাচ্ছে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারীর এ সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে গণমাধ্যম খবর প্রকাশ করেছে। ইতোমধ্যে লক্ষণও দেখা যাচ্ছে।

তিনি বলেন, এডিস মশা থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা জরুরি হয়ে পড়েছে। ঘর বা বাড়ির চারপাশে যাতে পানি না জমে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবেলার পাশাপাশি সারাদেশে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে মশক নিধনে কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

বুধবার সংসদ ভবনের বাসা থেকে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা- দেশের যেকোনো দুর্যোগে আর্ত-মানবতার পাশে সবার আগে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের সভানেত্রী নির্দেশে নেতাকর্মীরা সারাদেশে অসহায় মানুষের দুর্যোগে আশার আলো হয়ে আবির্ভূত হয়েছেন। কৃষকদের ধান কেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে তুলে দিয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত আওয়ামী লীগ দলীয়ভাবে প্রায় এক কোটি ২০ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তাসহ প্রায় ১০ কোটি টাকা নগদ সহায়তা দিয়েছে।

সেতুমন্ত্রী জানান, দলীয় কার্যক্রম ছাড়াও সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সরকার চার কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে। ৬৪টি জেলায় প্রায় দেড় লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এক কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, ঈদের আগে ৫০ লাখ মানুষকে নগদ সহায়তা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী আগামীকাল এ কার্যক্রম উদ্বোধন করতে পারেন।

ওবায়দুল কাদের বলেন, একটি অশুভ মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা দেশবাসী ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সব দেশে অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করা হয়েছে। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও লকডাউন শিথিল করা হয়েছে। বাংলাদেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছেন। তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

সেতুমন্ত্রী বলেন, যারা মনে করছেন এ সিদ্ধান্ত ভুল, তাদেরকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের দেশের দিকে তাকিয়ে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।