ভারতের ব্যাটিং কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন যুবরাজের

ভারতীয় দলের ব্যাটিং কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন দেশটির ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। একই সঙ্গে প্রধান কোচ রবি শাস্ত্রীরও সমালোচনা করেছেন তিনি।

সঞ্জয় ব্যাঙ্গারের পর ভারতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন বিক্রম রাঠৌর। ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট ও ৭টি ওয়ানডে খেলেছেন ৫১ বছর বয়সী সাবেক উইকেটরক্ষক ব্যাটার। টি-টোয়েন্টি ফরম্যাটে যার ক্রিকেটারদের গাইড করা নিয়ে ঘোর সংশয় যুবরাজের মনে।

একজন সংবাদিকের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় যুবরাজ বলেন, ‘বিক্রম রাঠৌর আমার বন্ধু। কিন্তু আপনারা কি মনে করেন যে টি-টোয়েন্টি প্রজন্মের ক্রিকেটারদের ও সাহায্য করতে পারবে? ওদের সাহায্য করার মতো সেই পর্যায়ের ক্রিকেট কি ও খেলেছে?’

একেক ক্রিকেটারকে সামলাতে একেক ধরনের কৌশল অবলম্বর করতে হয় বলে মনে করেন যুবরাজ। যা রবি শাস্ত্রী কতটা করছেন তা নিয়েও সন্দিহান যুবরাজ। একটু ঘুরিয়ে শাস্ত্রীর সমালোচনা করে বলছেন, ‘গিয়ে কথা বলা বা পরামর্শ নেওয়ার মতো কাউকে পাচ্ছে না জাতীয় দলের ক্রিকেটাররা। জানি না রবি এটা কতটা করছে। হয়তো ওর মাথায় অন্য কিছু ঘুরছে।’

‘তবে সবাইকে তো আর এটা বলা ঠিক নয় যে, মাঠে নেমে নিজের খেলা মেলে ধর। এমন মানসিকতা বড় জোর বীরেন্দ্রর শেওয়াগের ক্ষেত্রে কাজে আসতে পারে। কিন্তু চেতেশ্বর পূজারার ক্ষেত্রে এটা কখনও কাজে আসবে না। এগুলো কোচিং স্টাফকে উপলব্ধি করতে হবে।’

যুবরাজ উদাহরণ দেন, ‘আমি যদি কোচ হই তবে রাত ৯টায় গুড নাইট বলব জাসপ্রিত বুমরাহকে। আর রাত ১০টায় ড্রিংক করার হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেব। বিভিন্ন চরিত্রের ক্রিকেটারের আপনাকে এভাবেই সামলাতে হবে।’