সুরেশ রায়না ও ইরফান পাঠান লাইভ চ্যাটে যুক্ত হয়েছিলেন দিন কয়েক আগে। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতি একটি দাবি পেশ করেন দুজনই। সেটি হলো- ভারতীয় ক্রিকেটারদের দেশের বাইরের লিগে খেলার অনুমতি দেওয়া।
রায়না-ইরফানের এই দাবির প্রেক্ষিতে বিসিসিআই অফিসিয়াল কড়া জবাবই দিয়েছে।
২০১৮ সাল থেকে জাতীয় দলের বাইরে আছেন রায়না। পাঠান অবশ্য ক্রিকেট থেকে অবসরে গেছেন। সাবেক এই তারকার সঙ্গে আলাপকালে রায়না বলেছিলেন, ‘আমার আশা যে আইসিসি আর ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে মিলে বিসিসিআই এই বিষয়টি নিয়ে নিয়ে ভাববে। নতুন নিয়ম করবে, যে খেলোয়াড়রা জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ নয় তাদের বাইরে খেলার অনুমতি দেওয়া হবে। কমপক্ষে আমাদের দুটি আলাদা আলাদা বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া যেতেই পারে।’
রায়না আরো বলেন, ‘যদি আমরা বিদেশি লিগে ভালো করতে পারি তো এটা আমাদের জন্য ভালো হবে। অনেক আন্তর্জাতিক খেলোয়াড়রা এই লিগগুলোতে খেলে প্রত্যাবর্তন করেছে।’
কিন্তু বিসিসিআইয়ের এক অফিশিয়াল আইএএনএসকে বলেছেন, ‘যে খেলোয়াড়রা জাতীয় চুক্তি নেই তারাও আইপিএলে বড় কন্ট্রাক্ট পেয়ে যান। অবসরের কাছে আসা খেলোয়াড়দের এই ধরনের ভাবনা রাখা স্বাভাবিক। ক্যারিয়ারের শেষ দিকে এসে খেলোয়াড় নিজেদের ভালো করার ইচ্ছা রাখেন তো এমন ভাবনা রাখা কোনো খারাপ নয়। বিসিসিআইয়ের দৃষ্টিভঙ্গি এটাই যে আমরা বোর্ডের ভালো চাইব। আমাদের ইচ্ছা এটাই, যে যে খেলোয়ায়ড়দের কাছে কেন্দ্রীয় চুক্তি নেই তাদেরও আইপিএলে ভালো দাম দেওয়া হোক।’
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী অবসরের আগে কোনো ভারতীয় ক্রিকেটার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না। সেটা বোর্ডের সঙ্গে চুক্তিতে থাকুন আর না থাকুন।
যুবরাজ সিং যেমন অবসর নেওয়ার পর বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিলেন দেশের বাইরে লিগ খেলার। সেই সুবাদে আবুধাবির টি-১০ লিগে দেখা গেছে যুবরাজকে।