বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার তা শক্তি সঞ্চয় করে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। রবিবার অথবা সোমবার তা আছড়ে পড়তে পারে মিয়ানমার অথবা বাংলাদেশের উপকূলে। এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
ভারতের আবহাওয়া অফিসের মতে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে তার অভিমুখ হতে পারে। পরে তা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ অথবা মায়ানমারের দিকেও ঘুরে যেতে পারে। তবে এখনই এ বিষয়ে নির্দিষ্ট কিছু বলা যাবে না।
শনিবারের পর এ চিত্র আরো স্পষ্ট হতে পারে বলে জানায় ভারতের আলিপুর আবহাওয়া দফতর।
তারা জানায়, বঙ্গোপসাগর-আন্দামান সাগরের ওপর নিম্নচাপ তৈরি হওয়ার পর তা ক্রমশই দক্ষিণ বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করবে। শনিবার তা আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার অবস্থায় পৌঁছে যাবে। এরপর দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করতে পারে ঘূর্ণিঝড়টি। শক্তি আরো বাড়িয়ে দক্ষিণ-পশ্চিমমুখী হয়ে তা উপকূলের দিকে এগোবে। এরপর, রবিবার অথবা সোমবার ঘূর্ণিঝড়টি গতি বাড়ানোর পর, উত্তর-পূর্বমুখী হয়ে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়। ফলে এ রাজ্য অথবা প্রতিবেশী বাংলাদেশ অথবা মায়ানমারের দিকেও যেতে পারে ঘূর্ণিঝড়টি।