ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্তাসে পাড়ি দেওয়ার পর এখনো তার শূন্যতা পূরণ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে দলে ভেড়াতে অবশ্য বেশ আগ্রহী দেখা গেছে দলটিকে। পিএজির বিশ্বকাপজয়ী তারকাও রিয়ালের সাথে যোগাযোগ রেখেছেন।
স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে দুটি লা লিগা শিরোপা জেতা ইতালিয়ান ডিফেন্ডার ফাবিও কানাভারো মনে করেন, এমবাপের মতো খেলোয়াড়ই রিয়ালের দরকার।
‘রিয়াল মাদ্রিদের এমবাপের মতো খেলোয়াড় দরকার। একজন তরুণ তারকা যিনি ক্রিস্তিয়ানো রোনালদোর পথ অনুসরণ করতে পারেন।’- বলেন চীনা ক্লাব গুয়াংজু এভারগ্র্যান্ডের কোচের দায়িত্বে থাকা কানাভারো।
তবে কিছু বাস্তবতার কথাও বলেছেন তিনি, ‘এটা পরিষ্কার যে রিয়াল মাদ্রিদ এমবাপের সঙ্গে চুক্তি করতে চায়। তবে এটাও মাথায় রাখতে হবে পিএসজি মালিকের টাকার প্রয়োজন নেই। তারাও উচ্চাভিলাষী এবং তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়।’
রিয়াল মাদ্রিদের জন্য তাই কাজটা কঠিন মনে করেন কানাভারো, ‘আমার মনে হয় রিয়াল মাদ্রিদের জন্য কাজটা কঠিন। পিএসজির প্রেসিডেন্ট এমন একজন, যিনি জিততে চায়। আমি তাদের সম্পর্কে ভালো করে জানি। তারা এমবাপেকে ধরে রাখার জন্য শক্ত লড়াই চালিয়ে যাবে।’
এরই মধ্যে এমবাপে পিএসজির হয়ে তিনটি লিগ ১ শিরোপা জিতেছেন। করোনার কারণে ফ্রান্সে চলতি মৌসুমের লিগের বাকি অংশ বাতিল ঘোষণা করা হয়। বাতিল হওয়া মৌসুমে চ্যাম্পিয়ন হয় পিএসজি। সেরা গোলদাতা হন এমবাপে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩৩ ম্যাচে ৩০ গোল করেছেন এমবাপে।