পুলিশ বেশে হামলা হয় কাবুলের হাসপাতালে, নিহত বেড়ে ২৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সরকারি হাসপাতালে প্রসূতি বিভাগে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নবজাতক শিশুসহ নারীদের সংখ্যা বেশি।

বিবিসি জানায়, হামলায় নবজাতক শিশু, তাদের মা এবং হাসপাতালের নার্সরাই বেশি আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। 

কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজন বন্দুকধারী হাসপাতালটির প্রসূতি বিভাগে বোমা ও বন্দুক হামলা চালায়। পুলিশের পোশাক পরে হাসপাতালে ঢুকে পড়েছিল তারা। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজনই নিহত হয়।

 হামলা চলার সময় পালিয়ে যেতে সক্ষম হওয়া এক চিকিৎসক জানান, বন্দুকধারীরা যখন হামলা চালায় তখন হাসপাতালে অন্তত ১৪০ জন ছিলেন।

হামলা শুরু হওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রমজান আলী। তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, তারা হাসপাতালে আসা মানুষের দিকে কোনো কারণ ছাড়াই গুলি ছুঁড়ছিল। এটি একটি সরকারি হাসপাতাল এবং এখানে অনেক মানুষই পরিবারের নারী ও শিশুদের চিকিৎসা করাতে নিয়ে আসে।

আফগানিস্তানের স্পেশাল ফোর্স তিনজন বিদেশিসহ ১০০ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে বলে বিবিসিকে জানায় এক উদ্ধারকর্মী।

এদিকে একইদিন দেশটির পূর্বাঞ্চলে এক পুলিশ কমান্ডারের জানাজায় আত্মঘাতী বোমা হামলায় ২৪ জন মারা গেছে।

জানাজার হামলার দায় স্বীকার করেছে ইসলামি স্টেট। তবে হাসপাতালটিতে হামলার পেছনে কারা ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তালেবানরা এই হামলার সাথে জড়িত নয় বলে জানিয়েছে।

এসব হামলার প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন যে তালেবান ও অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান আবারও শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।