রাজধানীর খিলগাঁওয়ে আবুল বাশার তালুকদার (৩২) নামে এক ইট বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ৯ টার দিকে খিলগাঁও থানার মাদানী ঝিলপাড় এলাকায় ওই ব্যবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বজনরা সাংবাদিকদের জানিয়েছেন, মাদানী ঝিলপাড় এলাকার সাইফুল গ্রুপের জাহিদুলসহ প্রায় ৫/৭জন পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তিনি ওই এলাকায় ইট বালু সাপ্লাইয়ের কাজ করতেন।
আবুল বাশার তালুকদার মাদারীপুর সদর উপজেলার ফোয়াজপুর গ্রামের মৃত মাজেন তালুকদারের ছেলে। তিনি খিলগাঁওয়ের উত্তর গোড়ান নবীনবাগ এলাকায় থাকতেন।
নিহতের বড় ভাই উজ্জল জানান, জড়িতদের ব্যাপারে থানা পুলিশের কাছে তথ্য সরবরাহ করা হয়েছে। রাতেই মামলা করব।