নড়াইলে কৃষকের ধান কেটে দিলেন কৃষি বিভাগের কর্মচারীরা

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় শ্রমিক সংকটের কারণে দরিদ্র অসহায় এক কৃষকের ধান কেটে দিলেন নড়াইলের কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার সকালে নড়াইল পৌরসভার গারুচিরা এলাকার ডুমুরতলার গ্রামের কৃষক আবদুল আলিমের ৩০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক চিন্ময় রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ‘আমরা যখন জানতে পারলাম গারুচিরার অসহায় কৃষক আবদুল আলিম শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা মিলে তার ধান কাটার ব্যবস্থা করলাম। কোনো কৃষকের শ্রমিক সংকটের জন্য ধান কাটতে অসুবিধা হলে আমাদের জানালে আমরা প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করব।’