করোনা প্রাকৃতিক ভাইরাস নয়, ল্যাব থেকেই এর সৃষ্টি: বিজেপি মন্ত্রী

উহানের একটি ল্যাবে করোনাভাইরাসের উৎপত্তি বলে চীনের বিরুদ্ধে বারবার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এবার একই ধরণের ইঙ্গতি দিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী  নীতিন গাডকাড়ি।

ভারত সরকারের ২০ লাখ রুপির আর্থিক সহায়তা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এনডিটিভিকে এক সাক্ষাৎকারে বিজেপি মন্ত্রী নীতিন দাবি করেন, করোনাভাইরাস প্রাকৃতিক কোনো ভাইরাস নয়। 

তিনি বলেন, আমাদের করোনাকে সঙ্গে নিয়েই বেঁচে থাকার অভ্যাস করতে হবে। এটা কোনো প্রাকৃতিক ভাইরাস নয়, এটা পুরোপুরি কৃত্রিম ভাইরাস। এখন বিশ্বের অনেক দেশই একে আটকাতে ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা করছে, কিন্তু এখনও সেই ভ্যাকসিনটি পাওয়া যায় নি। যত দ্রুত ভ্যাকসিনটি তৈরি হবে, তত তাড়াতাড়ি একে দমানো যাবে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, এই ভাইরাসটি আসলে সকলের কাছেই অপ্রত্যাশিত কারণ এটি পরীক্ষাগার থেকে তৈরি হয়েছে, এটি প্রাকৃতিক ভাইরাস নয়। তবে এখন বিশ্বও অনেক প্রস্তুত, ভারতও এখন প্রস্তুত, বিজ্ঞানীরাও প্রস্তুত আছেন। এই ভাইরাসকে কীভাবে খতম করা যাবে তার উপায় খুঁজে পেলেই সমস্যার সমাধান হবে, আর আমরা এটা আত্মবিশ্বাসের সঙ্গেই সন্ধান করে চলেছি। একটি ভ্যাকসিন তৈরি হয়ে গেলেই আর কোনও সমস্যা হবে না।

নীতিন গাডকাড়ি বলেন, আমাদের করোনাভাইরাসকে সঙ্গে নিয়েই এই বেঁচে থাকার লড়াই করা দরকার, কারণ আমরা একটি অর্থনৈতিক যুদ্ধও করছি। আমরা একটি দরিদ্র দেশ এবং এভাবে মাসের পর মাস লকডাউন বাড়াতে পারি না আমরা।

এদিকে ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন সাড়ে ৭৭ হাজারের অধিক মানুষ।