ইংলিশ ফুটবলার ডেলে আলির বাড়িতে ডাকাতি, লুট

লন্ডনে টটেনহ্যাম হটস্পারের তারকা ফুটবলার ডেলে আলির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দুজন অস্ত্রধারী ডাকাত তার বাড়িতে ঢুকে লুটপাট করেছে। এ সময় বাড়িতেই ছিলেন ইংলিশ প্লেমেকার।

ডেইলি মেইলের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার মাঝ রাতে এ ঘটনা ঘটে। লুটপাটের সময় ছুরি বহনকারী ডাকাতেরা ডেলে আলিকে আঘাত করেন। অল্পের জন্য গুরুতর আহত হওয়া থেকে রক্ষা পেয়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে লন্ডনের বাড়িটিতে আইসোলেশনে ছিলেন আলি। ঘটনার সময় তার ভাই ও তাদের দুজনের বান্ধবী ও একজন নিকট বন্ধু ছিলেন বাড়িতে। কয়েক দিনের মধ্যেই টটেনহ্যামে হয়ে অনুশীলন শুরু করার কথা আলির।

গভীর রাতে নিরাপত্তা বেষ্টনী ভেঙে বাড়িতে ঢুকে ডেলে আলির সঙ্গে দ্বন্দ্বে জড়ায়। এপর তারা কিছু স্বর্ণালংকার ও অর্থ কড়ি নিয়ে পালিয়ে যায়।

ডেইলি মেইল জানিয়েছে, অর্থ ও স্বর্ণালংকারসহ চুরি যাওয়া সম্পদের পরিমাণ প্রায় ৮৫ হাজার পাউন্ড। ছুরি বহনকারী দুজনকে বাধা দিতে গিয়ে আলি ও তার ভাই মুখে আঘাত পেয়েছেন বলে দাবি করেছে তারা।

তবে ভালো আছেন বলে জানিয়ে টুইট করেছেন ডেলে আলি, “খবর নেওয়ায় সবাইকে ধন্যবাদ। ভয়াবহ অভিজ্ঞতা। কবে আমরা এখন ভালো আছি।”

ভিডিও ফুটেজ দেখে পুলিশের এক মুখপাত্র ডেইলি মেইলকে বলেছেন, “দুজন পুরুষকে বাড়িতে ঢুকতে দেখা যায়। স্বর্ণালংকার, ঘড়িসহ তাদেরকে পালিয়ে যেতে দেখা গেছে।”

তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।