বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধিদের বহিষ্কার করল বুরুন্ডি

করোনাভাইরাসের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র একজন শীর্ষ প্রতিনিধি ও চারজন বিশেষজ্ঞকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে আফ্রিকার দেশ বরুন্ডি সরকার।

বুধবার ডব্লিউএইচও’র আফ্রিকা মহাদেশের প্রধান কার্যালয় বরাবর পাঠানো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তাতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র এসব প্রতিনিধিদের ‘পার্সোনা নন গ্রাটা’ তথা অবাঞ্ছিত ঘোষণা করেছে বুরুন্ডি। শুক্রবারের মধ্যে তাদেরকে অবশ্যই দেশ ছাড়তে বলা হয়েছে।

পূর্ব আফ্রিকার ভূমিবেষ্টিত দেশ বুরুন্ডিতে অবাঞ্ছিত ঘোষণা হওয়াদের মধ্যে রয়েছেন ডব্লিউএইচও’র শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ডা. ওয়াল্টার কাজাদি মুলোম্বো।

অন্যরা হলেন- দেশটিতে করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় সমন্বয়ক ডা. জিন পিয়েরে মুলুন্দা এনকাতা, ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ ডা. রুহানা মিরিন্দি বিসিমওয়া ও কভিড-১৯ টেস্টে ল্যাবরেটরি বিশেষজ্ঞ প্রফেসর ডেনিয়েল তারসি।

তাদের কেন বহিষ্কার করা হয়েছে তা চিঠিতে উল্লেখ করেনি বুরুন্ডি সরকার। তবে এক মাস আগেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় চার অফিসারের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের পদক্ষেপ নিতে চেয়েছিল বলে জানা গেছে। ২০ মে দেশটির জাতীয় নির্বাচনের আগে সিদ্ধান্তটি শেষ পর্যন্ত নিয়েই নিল বরুন্ডি।

বুরুন্ডি সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে এএফপিকে বলেন, “কভিড-১৯ নিয়ে বুরুন্ডিকে সহায়তার কাজে থাকা ডব্লিউএইচও’র পুরো দলকেই অবাঞ্ছিত করা হয়েছে।”

“করোনাভাইরাস সংকট ব্যবস্থাপনায় অহেতুক হস্তক্ষেপ করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ডব্লিউএইচওকে পুরোপুরি বাতিল করে দিয়েছে।”

বুরুন্ডিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ জন; মৃত্যু হয়েছে একজনের।