খুলনা বিভাগসহ দেশের কয়েকটি অঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে।
আবহাওয়া অফিস জানায়, খুলনা বিভাগসহ মাদারীপুর, চাঁদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ২০ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ৬৩ মিলিমিটার। এছাড়া তেঁতুলিয়ায় ৫০ মিলিমিটার, রাজারহাটে ৪৩ মিলিমিটার, সিলেটে ৩৭ মিলিমিটার, ডিমলায় ৩৬ মিলিমিটার ও ফেনীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।