দিনাজপুরের হাকিমপুরের হিলিতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে আরও একজন করোনা পজিটিভ রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নাজমুস সাঈদ জানান, সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে হিলির নওপাড়া গ্রামে ফেরা এক গার্মেন্টসকর্মীর নমুনা পরীক্ষায় গত ২৭ এপ্রিল তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরে তিনি সুস্থ থাকায় তাকে তার নিজ বাড়িতেই হোম আইসোলেশনে রাখা হয়েছিল। সম্প্রতি গত ৫ মে তার কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে কয়েকদিনের চিকিৎসা শেষে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সেখানে তার দুবার করোনা টেস্ট করা হলে তাতে নেগেটিভ আসায় তাকে করোনা মুক্ত ঘোষণা করায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাকে তার নিজ বাড়িতে আরও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।