করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করার জন্য চিকিৎসক ও নার্সদের মতো মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ)।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
বৃহস্পতিবার গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
বিএমটিএর বিবৃতিতে আশা প্রকাশ করে বলা হয়, সরকারি পর্যায়ে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের স্বল্পতার কারণে করোনা রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষায় সৃষ্ট জটিলতা প্রধানমন্ত্রীর সময়োপযোগী নির্দেশের ফলে দ্রুত কেটে যাবে।