যে ঘটনার পর ইমরুলকে আর স্লেজিং করেন না কোহলি

মাঠে বরাবরই আবেগি চরিত্র বিরাট কোহলি। প্রতিপক্ষকে কোনো কিছুতেই ছাড় দিতে চান না। স্লেজিংয়েও ওস্তাদ। সেই ভারত অধিনায়ক কিনা ইমরুল কায়েসকে কখনো স্লেজিং করেন না!

কিন্তু কেন? এর পেছনে আছে একটা গল্প। যার বিস্তারিত বলেছেন ইমরুল নিজে।

একটি ইউটিউভ শো-তে ইমরুল বলেছেন কোহলির সঙ্গে তার বন্ধুত্বের কথা। ক্যারিয়ারের শুরুর দিকে অস্ট্রেলিয়াতে একটা একাডেমিতে একসঙ্গে তাদের বেশ কিছুদিন সময় কাটে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হতেই কোহলি স্লেজিং করে বসেন ইমরুলকে। যা কখনোই ভাবতেও পারেননি ইমরুল। বিষয়টা তামিমকে বললেন। তামিম যা করেছিলেন, এরপর আর কোহলি সাহস করেননি ইমরুলকে স্লেজিং করতে।

ইমরুল বলছিলেন, ‘২০০৭ সালের ঘটনা। আমি অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম। আগে বিসিবি দুজন খেলোয়াড়কে বৃত্তি দিয়ে পাঠাত। ব্রিসবেনের একটা ক্যাম্পে বাংলাদেশ থেকে আমি ও দেলোয়ার নামে একটা ছেলে গিয়েছিলাম। ভারত থেকে বিরাট কোহলিসহ চার-পাঁচ গিয়েছিল। প্রায় এক মাস আমরা এক সাথে অনুশীলন করতাম, একসঙ্গে অনেক গল্প হত। যেহেতু আমরা দুজনেই পাশের দেশের মানুষ।’

কোহলির সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতি রোমন্থন করে ইমরুল আরো বলেন, ‘অস্ট্রেলিয়াতে ক্যাম্প করছি, অস্ট্রেলিয়ার লোকজন কিন্তু এশিয়ানদের একটু অন্য চোখে দেখে। আমি আর বিরাট একসাথেই থাকতাম। মেশিনে যখন ব্যাটিং করতাম; আমাদের দুজনকে ব্যাটিং পার্টনার করে দিত ওখানকার কোচ। তখন কোহলি বলতো আমরা এত দূর থেকে আসছি ওদের বোলারদের খেলতে। আমরা তো মেশিনে খেলতে আসিনি। আমাদের দেশে বহু মেশিন আছে। আমাদের দেশের মানুষ হিন্দি ছবি দেখে কিনা এ ধরনের আলাপ হতো ওর সাথে। আমরা এক সঙ্গে অনেক গল্প করতাম।’

কিন্তু জাতীয় দলের হয়ে প্রথম যখন কোহলির মুখোমুখি হলেন তখন ইমরুল দেখলেন উল্টো চিত্র। বলছিলেন, ‘যখন জাতীয় দলে ঢুকলাম, ওর সাথে আমার প্রথম খেলা হলো ২০১১ সালে। ও আমাকে স্লেজিং করেছিল মাঠে। আমি খুব অবাক হয়েছি। ভাবতেই পারিনি যে একটা মাস ওর সাথে এত ভালো সময় কাটালাম কিন্তু মাঠে এসে সে আমাকে স্লেজিং করে।’

ইমরুল বিষয়টি তামিমকে বললেন, ‘বিষয়টি আমি তামিমকে বললাম। তামিম উল্টো ওকে স্লেজিং করে। তামিম এগুলো খুব ভালো পারে…। তারপর থেকে কোহলির সাথে আমার যতবার দেখা হয়েছে, কোনো খারাপ ব্যবহার করেনি। ফতুল্লাতে যখন খেলা হয় (২০১৫ সাল) টেস্ট ম্যাচ, প্রায় সবাইকেই ও স্লেজিং করেছে। আমাকে একটা কথাও বলেনি।’

এমনকি সবশেষ ভারত সফরেও কোহলি স্লেজিং করেননি ইমরুলকে, ‘আমরা যে ভারতে টেস্ট সিরিজ খেলতে গেলাম। ও (কোহলি) কমবেশি সবাইকেই গালিগালাজ করেছে। আমাকে একটা কথাও বলেনি।’

কোহলির প্রশংসাও ঝরেছে ইমরুলের কণ্ঠে, ‘আসলে ও এখন লিজেন্ড খেলোয়াড়। ও ওর লেভেলে। একটা জিনিস ভালো লাগে, ও এত বড় খেলোয়াড় হয়েও আমাদেরকে মনে রাখে এখন। নিজে থেকে এসেও কথা বলে। অফ দ্য ফিল্ড ও অসাধারণ।’