করোনা চিকিৎসায় ছয় হাসপাতালে সংযুক্ত হলেন নতুন ৭৩ চিকিৎসক

চট্টগ্রামে নতুন যোগ দেওয়া ৭৩ জন চিকিৎসককে চট্টগ্রামের ছয় হাসপাতালে পদায়ন করেছে জেলা সিভিল সার্জন। নতুন এসব চিকিৎসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৭৩ জন চিকিৎসক আগামী ১৬ মে শনিবার প্রজ্ঞাপনে উল্লেখিত হাসপাতালে যোগদান করবেন।

হাসপাতাল গুলো হলো- চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ফৌজদারহাট বিআইটিআইডি, ফিল্ড হাসপাতাল, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাউজানের সুলতানপুর ৩১ শয্যার হাসপাতাল ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, এই ৭৩ জন চিকিৎসকরা আপাতত ছয়টি হাসপাতালে রোগীদের চিকিৎসা দিবেন। তবে সবচেয়ে বেশি সংখ্যক চিকিৎসক করোনা ডেডিকেটেড হাসপাতালে পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব হাসপাতালেই করোনাভাইরাসে আক্রান্ত ও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবেন।

সিভিল সার্জন কার্যালয় হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪০ জন চিকিৎসক , ফৌজদারহাট বিআইটিআইডি’তে ২৩ জন, ফিল্ড হাসপাতালে ৪ জন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, রাউজানের সুলতানপুর ৩১ শয্যার হাসপাতালে ২ জন ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনকে পদায়ন করা হয়েছে।