তিনি ছিলেন ব্যতিক্রম: সিরাজুল ইসলাম চৌধুরী

দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, আমরা একত্রে পড়াশোনা করেছি, শিক্ষকতা করেছি।

বৃহস্পতিবার এমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, অধ্যাপক আনিসুজ্জামান একজন ভালো শিক্ষক ছিলেন। তার মতো পণ্ডিতরা নিজেদের গণ্ডির মধ্যে বিচরণ করলেও তিনি ছিলেন ব্যতিক্রম। গবেষণার ক্ষেত্রে তিনি সামাজিকভাবে অঙ্গীকারবদ্ধ ছিলেন।

দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনের কাতারে থাকতেন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মান পেয়েছেন তা তার প্রাপ্য ছিল। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তিনি বলেন, আনিসুজ্জামান যে আত্মজীবনী লিখেছেন তাতে সমসাময়িক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ফুটে উঠেছে। যেগুলোতে ভবিষ্যতে ইতিহাসবিদরা ইতিহাসের উপাদান পাবেন।

তিনি বলেন, জাতি হিসেবে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। এই দুঃসময়ে উনি চলে গেলেন। আমরা একত্রে পড়াশোনা করেছি, শিক্ষকতা করেছি। তিনি একজন উদারনৈতিক মানুষ ছিলেন। ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক চমৎকার।

সিরাজুল ইসলাম বলেন, ইস্ট ইন্ডিয়া আমলের চিঠিপত্রগুলো লন্ডনের লাইব্রেরিতে ছিল। সেগুলো সংগ্রহ করে আনিসুজ্জামান লিখেছেন। এছাড়া মুসলিম মানস ও বাংলা সাহিত্য ছিল তার পিএইচডি গবেষণার বিষয়।

উল্লেখ্য, দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।