করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কারা কর্র্তৃপক্ষের প্রস্তুতি ও পদক্ষেপ জানতে চেয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির স্বরাষ্ট্র ও আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক ও আইজি প্রিজনসকে নোটিসটি পাঠান।
শিশির মনির বলেন, গত ২৬ মার্চ থেকে বাংলাদেশ সাধারণ ছুটির আদলে মূলত লকডাউন পালন করছে। তবে সব পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচেষ্টা থাকলেও করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন কারাবন্দিরা। দেশের ৬৮টি কারাগারে ৪১ হাজার ২৪৪ জনের ধারণক্ষমতা থাকলেও বর্তমানে সেখানে ৮৫ হাজার বন্দি রয়েছেন। ইতিমধ্যে ২৩ জন কারারক্ষী ও দুজন বন্দির করোনা শনাক্ত হয়েছে। ১২ মে সিলেটে একজন কারাবন্দি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে গণমাধ্যমে এসেছে। এরই প্রেক্ষাপটে বন্দিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা কর্র্তৃপক্ষের দায়িত্ব।
তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে পৃথিবীর বিভিন্ন দেশ হাজার হাজার বন্দিকে মুক্তি দিয়েছে। বাংলাদেশ সরকারও প্রায় তিন হাজার বন্দিকে মুক্তি দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন কারাগার ও সংশোধনাগারে বন্দিদের স্বাস্থ্য সুরক্ষা ও মুক্তির বিষয়ে কারা কর্র্তৃপক্ষের প্রস্তুতি ও পদক্ষেপের বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে।