কাপ্তাই হ্রদের জেলেদের জন্য ৮৯০ টন চাল বরাদ্দ

মানবিক খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন মৎস্যজীবীদের জন্য ৮৮৯.৯৬ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ১০টি উপজেলায় ২২ হাজার ২৪৯ জেলে পরিবারের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত প্রতিটি জেলে পরিবারকে মে-জুন মাসে ২০ কেজি করে (প্রতি মাসে) চাল দেওয়া হবে।

গতকাল বুধবার সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ভিজিএফের চাল ১০ জুনের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এ ভিজিএফ চাল দেওয়া হবে না মর্মেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো রাঙ্গামাটি সদর, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং খাগড়াছড়ির মহালছড়ি ও দীঘিনালা। প্রতিবছর মে থেকে জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ। চলতি অর্থবছরে মে-জুন দুই মাসের জন্য সরকার সংশ্লিষ্ট জেলার মৎস্যজীবীদের মানবিক সহায়তা প্রদান করছে।