বিলিয়ন ডলারের ক্ষতি স্বীকার করে বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীতে যখন একের পর এক সিনেমা পিছিয়ে গেছে, তখন রাসেল ক্রো অভিনীত ‘আনহিনজড’ এলো এগিয়ে।
প্রাথমিক ঘোষণা হিসেবে, থ্রিলারধর্মী সিনেমাটি মুক্তির কথা ছিল ৪ সেপ্টেম্বর। করোনা প্রাদুর্ভাব হলে মুক্তি স্থগিত হয়। কিন্তু নতুন এক ঘোষণায় জানানো হলো, দর্শকদের সামনে আসতে যাচ্ছে ১ জুলাই।
এই হিসেবে হলিউড বক্স অফিসে বড় বাজেটের সিনেমা হিসেবে করোনাপরবর্তী সময়ে প্রথম রিলিজ হতে যাচ্ছে ‘অ্যানহিনজড’। এ সিনেমার মাধ্যমে খুলবে বক্স অফিসের খাতা।
প্রথমে পিছিয়ে গিয়ে পরে এগিয়ে আসায় বলা হচ্ছে, প্রেক্ষাগৃহে কী পরিমাণ দর্শক ফিরে আসবে তার একটি নির্দেশক হতে যাচ্ছে এই সিনেমা।
প্রযোজনা সংস্থা সলসটিসের চেয়ারম্যান ও সিইও মার্ক গিল ডেডলাইনকে বলেন, বেশির ভাগ সিনেমা পিছিয়ে যাওয়ায় ২০২১ সালে মুভি ক্যালেন্ডারে বড়সড় ভিড় তৈরি হয়েছে। এ কারণে ছবি না পিছিয়ে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। এ পরিস্থিতিতে অনেক সিনেমা ভিডিও অন ডিমান্ড (ভিওডি) বা স্ট্রিমিং সার্ভিসের মাধ্যমেও মুক্তি পেতে পারে।
সাইকোলজিক্যাল থ্রিলার ‘আনহিনজড’-এ গাড়ি চালকের চরিত্রে অভিনয় করেছেন রাসেল ক্রো। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রটি একজন সিঙ্গেল মায়ের। এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্র ধরে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এই নিয়ে আবর্তিত হয় কাহিনি। যেখানে রাসেলের চরিত্রটি পাগলাটে ধরনের। তার সঙ্গে আরও আছেন ক্যারেন পিস্টোরিয়াস, জিমি সিম্পসন ও গ্যাব্রিয়েল ব্যাটম্যান।
সিনেমা মুক্তি নিয়ে ইতিমধ্যে স্টুডিও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। জানিয়েছে, তারা নিরাপদ নয় বা বিশেষজ্ঞদের নির্দেশনায় নেই এমন কিছু করবেন না।
সলসটিস এক হাজার দর্শকের ওপর জরিপ চালিয়েছে। যাদের বেশির ভাগই বলেছেন জুলাইয়ে সিনেমা মুক্তি পেলে তারা প্রেক্ষাগৃহে যেতে রাজি আছেন।